শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কন্যার প্রেমপদ্ম

Author

Tahmida Khanom , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ পাঠ: ৩৬ বার

যখন অন্তরাত্মা এবং অধরপল্লব তোমায় ভেবে বিচলিত, তখন মস্তিষ্ক কেন বারবার আমায় করে প্রকম্পিত ?

কেন মনে হয় দৃশ্যপটে উদ্ভাসিত তোমার অস্তিত্বের সকল মুহূর্তই কুহেলিকা ?

কেন দুঃস্বপ্নেরা বাস্তবের সুন্দর মুহূর্তগুলোকে ছাপিয়ে আরো তীক্ষ্ণ হয়ে ওঠে ?

যে মৃগনয়ন তোমার ছোঁয়ায় স্নিগ্ধ তন্দ্রায় আচ্ছন্ন হতে পারতো, সে কেন অনিশ্চিত সম্ভাবনায় বর্ষা ঝরায় প্রতিনিয়ত ?

এ কেমন বিষাদসিক্ত দহন, যা প্রতিনিয়তই হৃদয়কে দগ্ধ করে চলেছে ?

আহ্, কন্যা নিতান্তই এক বাতুল।

স্বেচ্ছায় হেমলক পান করে আবার বাঁচার স্বপ্ন দেখছে।

কেন হৃদয় বলে তুমি আমার, যেখানে মস্তিষ্ক নিজেই যৌক্তিকতায় সন্দিহান ?

অন্তঃকরণ এবং মস্তিষ্কের আবেগ-যুক্তির দোটানায় কেন কন্যা পথভ্রষ্ট হচ্ছে ?

তবে কি কন্যার প্রথম প্রেমের পদ্ম তোমার সলিলেই প্রস্ফুটিত হয়েছে ?

পুষ্প তো অজান্তেই চক্ষু মেলেছে, কিন্তু তাকে প্রাণবন্ত রাখার কী উপায় ?

এ পদ্ম যদি কভু তোমার নিষ্ঠুর স্পর্শে ক্ষতবিক্ষত হয়ে ঝরে যায়, কন্যার অন্তঃসলিলে আর কোনোদিন নবপুষ্পের জন্ম হবে না।

কন্যার এই নাজুক পদ্ম ছাড়া সে যে তার সত্তার নিজস্ব অলংকার হারাবে।

তুমি তো ভ্রমর, সহস্র পুষ্পের মধু আস্বাদনে তোমার কোনো কার্পণ্য নেই।

কিন্তু যে নবপুষ্প তার প্রথম প্রস্ফুটনের সমস্ত সুধা তোমায় বিলিয়েই রিক্ত হলো, তার কলঙ্কমোচনের অবলম্বন কোথায় ?

কন্যা জানে না, তার পদ্মের জন্য বসন্ত অপেক্ষমাণ, নাকি বিদায়ী হেমন্তের বিষন্নতা তার দ্বারে সমাগত‌ ?

যে পুষ্পের সুবাসে কন্যার সমগ্র অস্তিত্ব মোহাচ্ছন্ন, সেই পুষ্পের শেকড় কতখানি গভীরে প্রোথিত, তা-ও তো তার অজানা।

যে অনুভূতিকে সযতনে অবদমিত রাখতে চেয়েছি, অবাধ্য সে-ই কেন প্রতিটি নিঃশ্বাসে তোমার অস্তিত্বের অনুরণন তোলে ?

এ কেমন মায়াজাল, যেখানে বিস্মৃতির প্রতিটি প্রচেষ্টা স্মৃতির কাছে পরাভূত হয় ?

এ কেমন অনুভূতির আধিপত্য, যেখানে প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই, অথচ বিসর্জনের সাহসও সঞ্চয় করতে পারি না ?

যে মন তোমার সান্নিধ্যের স্বপ্নে বিভোর, সে-ই কেন তোমার অনুপস্থিতির আশঙ্কায় প্রতিনিয়ত শঙ্কিত ?

তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষার চেয়েও তোমাকে হারানোর আশঙ্কাই কন্যার প্রেম পদ্মকে অধিকতর জীবন্ত করে রেখেছে।

কী আশ্চর্য পরিহাস! যে অনুভূতি কন্যাকে পূর্ণতার স্বপ্ন দেখিয়েছিল, সেই অনুভূতিই আজ কন্যার অপূর্ণতার দীর্ঘতম উপাখ্যান।

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।