ডেঙ্গুর বিস্তার: মশার দাপট নাকি জনস্বাস্থ্য ব্যবস্থাপনার ব্যর্থতা?
প্রতিবছর বর্ষা মৌসুম এলেই বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি আতঙ্কজনক রূপ নেয়। মৃত্যুর পরিসংখ্যানের আড়ালে চাপা পড়ে যায় একেকটি পরিবারের অবর্ণনীয় কান্না। ২০২৬ সাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সারভেইল্যান্স তথ্যে দেখা যায়, ডেঙ্গুর প্রাদুর্ভাব আর নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই; বরং বছরজুড়ে এটি জনস্বাস্থ্যের জন্য স্থায়ী হুমকি হয়ে উঠেছে। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা, সংকুচিত হচ্ছে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ। মৃত্যুর সংবাদ যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অথচ প্রতিবছর ডেঙ্গুর ভয়াবহ রূপ নেওয়ার পর কর্তৃপক্ষের সাময়িক তৎপরতা চোখে পড়ে। দীর্ঘমেয়াদি ও টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে, প্রতিবছর ডেঙ্গুর পুনরাবৃত্তি সত্ত্বেও প্রতিরোধমূলক উদ্যোগগুলো কেন কার্যকর হচ্ছে না?
বাংলাদেশে ডেঙ্গুর ভৌগোলিক বিস্তার ও সংক্রমণের ধরনে সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক পরিবর্তন লক্ষ করা যায়। ২০২৩ সালে দেশে ইতিহাসের সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সে বছর প্রাণহানি ঘটে ১ হাজার ৭০৫ জনের। পরবর্তী বছর, ২০২৪ সালে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমে দাঁড়ায় ১ লাখ ১ হাজার ২১৪ জনে। তবে মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫। এ সময়ে কেস ফ্যাটালিটি রেট (সিএফআর) বা মৃত্যুহার বেড়ে ০.৫৭ শতাংশে পৌঁছায়। পরিসংখ্যান বলছে, একসময় ডেঙ্গুর প্রাদুর্ভাব মূলত রাজধানী ঢাকাকেন্দ্রিক থাকলেও ২০১৯ সালের পর থেকে তা দেশের ৬৪টি জেলা, এমনকি গ্রামাঞ্চলেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের মতো দক্ষিণাঞ্চলীয় এলাকায় সংক্রমণ এবং মৃত্যুহার উত্তরাঞ্চলের তুলনায় অনেক বেশি। ডেঙ্গুর প্রকোপ এখন আর শুধু বর্ষাকালে (জুন-অক্টোবর) সীমাবদ্ধ নেই; বর্ষা-পরবর্তী সময়েও সংক্রমণ অব্যাহত থাকছে। এমনকি অক্টোবর-নভেম্বর মাসে শীতের আগমুহূর্তেও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।
বাংলাদেশে ডেঙ্গুর সাম্প্রতিক অস্বাভাবিক বিস্তার ও সংক্রমণ বৃদ্ধির পেছনে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং গভীর পরিবেশগত সংকট প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে। এডিস মশার বংশবৃদ্ধি ও ডেঙ্গু ভাইরাসের প্রতিলিপিকরণের জন্য ২৫°–৩৫° সেলসিয়াস তাপমাত্রা এবং ৬০–৮০ শতাংশ আর্দ্রতা অনুকূল পরিবেশ তৈরি করে। বাংলাদেশের ক্রান্তীয় জলবায়ুতে বছরের অধিকাংশ সময়ই এমন অনুকূল পরিস্থিতি বিরাজ করে। এর পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষাকালে অনিয়মিত অতিবৃষ্টির ফলে শহরের নিচু এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে এডিস মশার প্রজননক্ষেত্রও বহুগুণে বাড়ছে। অন্যদিকে রাজধানী ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে অপরিকল্পিত নগরায়ণের ফলে পয়োনিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। বিশেষ করে বহুতল ভবন ও নির্মাণাধীন স্থাপনার প্লাবিত মেঝে, বেসমেন্ট, নির্মাণস্থল, লিফটের গর্ত (যেখানে লার্ভা পাওয়ার হার ২০.১৪ শতাংশ), ড্রাম এবং পানির ট্যাংকে জমে থাকা পানি এডিস মশার অন্যতম প্রধান প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে।
বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ধারাবাহিক ব্যর্থতার দায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই এড়াতে পারে না। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মশক নিধন কার্যক্রম মূলত প্রচলিত থার্মাল ফগিং বা ধোঁয়া প্রয়োগের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। এই পদ্ধতি উড়ন্ত পূর্ণবয়স্ক মশাকে সাময়িকভাবে দমন করলেও প্রজননস্থলে থাকা অসংখ্য লার্ভা ধ্বংসে ভূমিকা রাখতে পারে না। কীটতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, একই ধরনের পাইরেথ্রয়েড গ্রুপের কীটনাশক বছরের পর বছর অনিয়ন্ত্রিতভাবে ব্যবহারের ফলে স্থানীয় এডিস মশার মধ্যে উচ্চমাত্রার কীটনাশক প্রতিরোধক্ষমতা বা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। ফলে প্রচলিত ফগিং পদ্ধতিতে মশক নিধনের প্রত্যাশিত সাফল্য মিলছে না। এছাড়া স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবেশ মন্ত্রণালয়ের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং সুসংহত কর্মপরিকল্পনার অভাব রয়েছে। নিয়মিত বৈজ্ঞানিক নজরদারি বা এনটোমোলজিক্যাল সারভেইল্যান্স কার্যত অনুপস্থিত। যথাসময়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার জন্য প্রশাসনিক জবাবদিহিও নিশ্চিত করা হয় না। ফলে শুধু বর্ষাকালে ফগিং কিংবা লোকদেখানো বিশেষ অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের কাঠামোগত অবহেলা এবং দীর্ঘদিনের ব্যর্থতার দায় এড়াতে পারে না।
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির পেছনে চিকিৎসা ও জনস্বাস্থ্য ব্যবস্থার গুরুতর ঘাটতির পাশাপাশি স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষের আচরণগত সমস্যাও সক্রিয় ভূমিকা রাখছে। প্রথমত আক্রান্তদের অনেকে প্রাথমিক পর্যায়ের জ্বরকে সাধারণ অসুস্থতা ভেবে অবহেলা করেন। রোগের সংকটপূর্ণ পর্যায় বা ডিফারভেসেন্স ফেজ সম্পর্কে সচেতনতার অভাবে তাঁরা সময়মতো হাসপাতালে চিকিৎসা নিতে আসেন না। স্বাস্থ্যসংক্রান্ত তথ্যে দেখা যায়, ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় ৭৪ শতাংশ ঘটে জটিল ডেঙ্গু শক সিনড্রোমের কারণে। এ ছাড়া হাসপাতালে ভর্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৬৭ শতাংশ রোগীর মৃত্যু হয়। দ্বিতীয়ত দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডায়াগনস্টিক কিট, তাৎক্ষণিক রক্ত পরীক্ষার সুবিধা, নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং উচ্চনির্ভরতা ইউনিটের তীব্র সংকট রয়েছে। ফলে মফস্বল এলাকার হাসপাতালগুলোতে গুরুতর ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। বাধ্য হয়ে তাঁদের দূরবর্তী ঢাকায় পাঠানো হয়। একাধিক হাসপাতাল ঘুরে জটিল রেফারেল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে গিয়ে (প্রায় ৫১ শতাংশ ক্ষেত্রে) মূল্যবান সময় নষ্ট হয়, বাড়ে মৃত্যুঝুঁকি। অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পাওয়ায় পথেই রোগীর মৃত্যু ঘটে।
ডেঙ্গু মহামারির স্থায়ী ও টেকসই সমাধানে ক্ষণস্থায়ী মৌসুমি অভিযান কিংবা জরুরি ভিত্তিতে ফগিংয়ের সনাতন অবৈজ্ঞানিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে বছরব্যাপী সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি। আবহাওয়ার পূর্বাভাস, এডিস মশার লার্ভার ঘনত্ব ও হাসপাতালের সারভেইল্যান্স তথ্য সমন্বয় করে জিআইএস কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু করা যায়। নির্মাণাধীন ভবন, বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা বহুতল ভবনের বেসমেন্ট নিয়মিত পরিদর্শনের জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করে এসব স্থানে জমে থাকা পানিতে মশার প্রজনন ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানার আইনি বিধান কার্যকর করতে হবে। বাসাবাড়িতে সুপেয় পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা গেলে পানি সংরক্ষণের জন্য দীর্ঘ সময় ধরে জমিয়ে রাখার প্রয়োজন হবে না। একই সঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।
জেলা ও উপজেলা পর্যায়ের প্রান্তিক হাসপাতালগুলোতে এনএস-১ পরীক্ষার কিট, বেডসাইড প্লাজমা পরীক্ষার সুবিধা এবং নিবেদিত আইসিইউ শয্যা সম্প্রসারণের মাধ্যমে চিকিৎসা সক্ষমতা বাড়াতে হবে। এতে গুরুতর ডেঙ্গু রোগীদের স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে কমবে রাজধানীমুখী ঝুঁকিপূর্ণ রেফারেলের প্রবণতা। পাশাপাশি জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রতিটি পরিবারকে নিজ নিজ আঙিনা মশার প্রজননমুক্ত রাখতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে। এসব সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে ডেঙ্গুর বিস্তার-সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণ সাময়িক স্বাস্থ্যসেবা কিংবা নিছক মশক নিধনের বিষয় নয়; এটি নাগরিকের বেঁচে থাকার মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। প্রতিবছর শত শত মানুষের মৃত্যুর পর শোক প্রকাশ কিংবা বাজেট বরাদ্দের আনুষ্ঠানিকতা দিয়ে এ সামাজিক বিপর্যয় মোকাবিলা করা সম্ভব নয়। ডেঙ্গু থেকে মানুষের মূল্যবান জীবন রক্ষায় প্রয়োজন দৃঢ় রাষ্ট্রীয় সদিচ্ছা, বৈজ্ঞানিক তথ্যনির্ভর দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোর কঠোর জবাবদিহি। সমন্বিত উদ্যোগে মৃত্যুর আগেই প্রতিরোধব্যবস্থা গড়ে তোলাই হোক প্রধান অঙ্গীকার। মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
রাকিবুল হাসান মুন্না
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
