সবুজ মানুষ
কাইল শহুরে যানজট ঠেইলা
তোমার দ্যাশ ছেড়ে যাবো আমি।
দৈনিকের অসহায় জীবন যখন সূর্যের তলানিতে বিরাম খুঁজবে তখন জেগে যাবার শঙ্কা নিয়েও দুদণ্ড ঘুমাবো।
সেই দৃশ্যের মত ঘুম-
ঢাকা-টঙ্গী মহাসড়কের পাশে চিটচিটে কম্বল, কালো খেতায় যেমনে ঘুমায় কানুর মা, সাব্বির আর ওর ভাই।
একলাইনে শুয়ে থাকে ধ্বজভঙ্গ জোয়ানেরা।
মাথার কাছে কাঁচা বাজারের পঁচা সবজি,
পিলারের গোড়ায় ভাঙা দুটো উজোনি কাঁঠালে শয়ে শয়ে উড়ো মাছি, ব্যস্ত বাজারে হাঁসমুরগি নিয়ে ছুটকো ছুটকো দোকানের ক্যাওয়াজ অগ্রাহ্য করে যেমনে ঘুৃমায় ওরা।
আমিও ঘুমাবো এমন আর ভুলে যাবো বই খাতা, ধার-কর্জের হিসাব। সভ্য সমাজের সাজ পোশাক খুলে, সত্যিকারের জীবন নিয়ে আমার দ্যাশে ঘুরবো।
মাটি পানি ছুয়ে, সিদ্ধ শাকপাতা খেয়ে আবার মানুষ হবো। তারপরে মজবো দুনিয়ায়, হাসবো প্রান খুলে। পরোয়া থাকবে না তোমার।
সন্ধ্যা ৬.৪৫
BARI
