গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট

তানভীর আহমদ রাহী , চট্টগ্রাম কলেজ
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ পাঠ: ২২ বার

গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট
তানভীর আহমদ রাহী
গ্রামাঞ্চলে অতিমাত্রায় লোডশেডিং বর্তমানে এক নীরব দুর্ভোগে পরিণত হয়েছে। প্রতিদিন গড়ে ৫ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রীষ্মকালে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের কষ্ট বেড়ে যায়, যা স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। শিক্ষার্থীদের পড়াশোনায় এর নেতিবাচক প্রভাব পড়ছে। সন্ধ্যার পর দীর্ঘ সময় অন্ধকারে থাকতে হওয়ায় তারা মনোযোগ ধরে রাখতে পারছে না, ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, গ্রামাঞ্চলের ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। বিদ্যুৎনির্ভর যন্ত্রপাতি চালাতে না পারায় উৎপাদন ও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আয়ের ওপর। বর্তমান পরিস্থিতিতে অনেকেই বিকল্প হিসেবে সৌরশক্তি বা জেনারেটরের দিকে ঝুঁকছেন, তবে এগুলোর খরচ সবার পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য আরও স্পষ্ট হয়ে উঠছে। এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন। টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তানভীর আহমদ রাহী
শিক্ষার্থী : অনার্স দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম কলেজ
