রবিবার, ৩ মে ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট কেন জরুরি?

Author

সাদিয়া সুলতানা রিমি , জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ পাঠ: ৪৬ বার

পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট কেন জরুরি?

বর্তমান সময়কে প্রায়ই বলা হয় “দক্ষতার যুগ”। এই যুগে শুধু একাডেমিক সাফল্য বা ভালো রেজাল্ট থাকলেই একজন মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এমন ধারণা এখন আর বাস্তবসম্মত নয়। বরং বাস্তবতা হলো, পড়াশোনার পাশাপাশি যিনি নিজেকে বিভিন্ন দক্ষতায় সমৃদ্ধ করতে পারেন, তিনিই এগিয়ে থাকেন। এই কারণে স্কিল ডেভেলপমেন্ট আজকের শিক্ষার্থীদের জন্য একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষা মানুষের মেধা, চিন্তাশক্তি এবং জ্ঞানকে বিকশিত করে। কিন্তু এই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হলে প্রয়োজন দক্ষতা। অনেক সময় দেখা যায়, একজন শিক্ষার্থী পরীক্ষায় খুব ভালো ফলাফল করলেও বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করতে গিয়ে হোঁচট খায়। কারণ, সে তত্ত্ব জানে, কিন্তু প্রয়োগ জানে না। এই ফাঁক পূরণ করার জন্যই স্কিল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের শেখায় কীভাবে শেখা বিষয়গুলো বাস্তবে কাজে লাগাতে হয়।

বর্তমান চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। একই ডিগ্রি নিয়ে হাজার হাজার শিক্ষার্থী চাকরির জন্য আবেদন করে। এখানে নিয়োগকর্তারা শুধু একাডেমিক ফলাফল দেখে সিদ্ধান্ত নেন না; বরং তারা খোঁজেন এমন কাউকে, যার মধ্যে অতিরিক্ত কিছু গুণ রয়েছে। যেমন ভালো যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার সামর্থ্য, টিমওয়ার্ক করার মানসিকতা ইত্যাদি। এই গুণগুলোই একজন প্রার্থীকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাই পড়াশোনার পাশাপাশি স্কিল অর্জন একজন শিক্ষার্থীকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে।

স্কিল ডেভেলপমেন্ট আত্মবিশ্বাস বৃদ্ধির অন্যতম প্রধান উপায়। যখন একজন শিক্ষার্থী নতুন কিছু শেখে যেমন কোনো ভাষা, কোনো সফটওয়্যার, বা কোনো সৃজনশীল কাজ তখন তার নিজের প্রতি বিশ্বাস বাড়ে। সে বুঝতে পারে যে, সে শুধুমাত্র বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনেও কিছু করতে সক্ষম। এই আত্মবিশ্বাসই তাকে বড় চ্যালেঞ্জ নিতে এবং কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহস যোগায়।

প্রযুক্তিনির্ভর এই যুগে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব আরও বেড়ে গেছে। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, এবং সেগুলোর সাথে তাল মিলিয়ে চলা এখন অপরিহার্য। যেমন ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডেটা অ্যানালাইসিস ইত্যাদি দক্ষতা এখন বিশ্বজুড়ে ব্যাপক চাহিদাসম্পন্ন। একজন শিক্ষার্থী যদি পড়াশোনার পাশাপাশি এই ধরনের দক্ষতা অর্জন করতে পারে, তাহলে তার জন্য ক্যারিয়ারের নতুন নতুন দরজা খুলে যায়।

এছাড়াও, স্কিল ডেভেলপমেন্ট একজন মানুষকে বহুমুখী করে তোলে। শুধু একটি বিষয়ে দক্ষ না থেকে, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করলে একজন ব্যক্তি যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। ধরো, কেউ যদি লেখালেখি, পাবলিক স্পিকিং এবং টেকনোলজির কিছু বেসিক স্কিল জানে, তাহলে সে সহজেই বিভিন্ন পেশায় কাজ করতে পারবে। এই বহুমুখী দক্ষতা ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলায় সাহায্য করে।

বাংলাদেশের প্রেক্ষাপটে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব আরও বেশি। এখানে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেও সবার জন্য পর্যাপ্ত চাকরির সুযোগ তৈরি হয় না। ফলে বেকারত্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে যারা অতিরিক্ত দক্ষতা অর্জন করে, তারা সহজেই বিকল্প পথ খুঁজে নিতে পার যেমন ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা হওয়া বা অনলাইন ভিত্তিক কাজ করা। এতে করে তারা নিজেরা আয় করতে পারে এবং দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে।

স্কিল ডেভেলপমেন্ট শুধু ক্যারিয়ারের জন্য নয়, ব্যক্তিগত জীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একজন মানুষকে সময় ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং মানসিক স্থিতিশীলতা অর্জনে সাহায্য করে। যেমন কেউ যদি সময় ম্যানেজমেন্ট শিখে, তাহলে সে তার পড়াশোনা, কাজ এবং ব্যক্তিগত জীবন সহজেই ব্যালেন্স করতে পারবে। আবার, ভালো কমিউনিকেশন স্কিল থাকলে সে অন্যদের সাথে সহজে সম্পর্ক গড়ে তুলতে পারবে, যা সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্কিল ডেভেলপমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি স্বনির্ভরতা গড়ে তোলে। একজন শিক্ষার্থী যদি তার দক্ষতার মাধ্যমে আয় করতে পারে, তাহলে সে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের দায়িত্ব নিজেই নিতে পারে। এটি তার আত্মসম্মান বাড়ায় এবং তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। বিশেষ করে মেয়েদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।

বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ বা ইন্টার্নশিপের মাধ্যমে স্কিল অর্জন করছে। এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ। কারণ, এতে তারা বাস্তব কাজের অভিজ্ঞতা পায়, যা ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। একই সাথে তারা বুঝতে পারে যে, তারা কোন কাজে বেশি আগ্রহী এবং কোন দিকে ক্যারিয়ার গড়তে চায়।

স্কিল ডেভেলপমেন্ট একজন মানুষকে সৃজনশীল করে তোলে। যখন কেউ নতুন কিছু শেখে বা নতুন কিছু করার চেষ্টা করে, তখন তার চিন্তাশক্তি আরও বিকশিত হয়। সে নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবতে শেখে এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে। এই সৃজনশীলতা শুধু ব্যক্তিগত উন্নয়নেই নয়, সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে স্কিল ডেভেলপমেন্ট মানে শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জন নয়। এর মধ্যে সফট স্কিলও অন্তর্ভুক্ত। যেমন: যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, টিমওয়ার্ক, ধৈর্য, সময় ব্যবস্থাপনা ইত্যাদি। অনেক সময় দেখা যায়, একজন ব্যক্তি প্রযুক্তিগতভাবে খুব দক্ষ হলেও, সে যদি অন্যদের সাথে ভালোভাবে কাজ করতে না পারে, তাহলে তার সফলতা সীমিত হয়ে যায়। তাই সফট স্কিলের উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ।

স্কিল ডেভেলপমেন্টের একটি বড় সুবিধা হলো এটি একজন মানুষকে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এবং এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়তে হয়। যারা নিয়মিত নতুন নতুন স্কিল শিখে, তারা সহজেই এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে এবং নিজেদের অবস্থান ধরে রাখতে পারে।

এছাড়া, স্কিল ডেভেলপমেন্ট একজন মানুষকে লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। যখন কেউ বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করে, তখন সে বুঝতে পারে যে, সে কোন কাজে সবচেয়ে বেশি দক্ষ এবং আগ্রহী। এর ফলে সে তার ক্যারিয়ারের জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পারে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারে।

পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের একটি বড় চ্যালেঞ্জ হলো সময় ব্যবস্থাপনা। অনেক শিক্ষার্থী মনে করে যে, পড়াশোনার চাপের কারণে তারা অতিরিক্ত কিছু শেখার সময় পায় না। কিন্তু সঠিক পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে এটি সম্ভব। প্রতিদিন অল্প সময় করে নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুললে ধীরে ধীরে বড় পরিবর্তন আনা যায়।

পরিশেষে বলা যায়, পড়াশোনা আমাদের জ্ঞানের ভিত্তি তৈরি করে, আর স্কিল ডেভেলপমেন্ট সেই ভিত্তিকে শক্ত করে এবং বাস্তব জীবনে সফল হওয়ার পথ দেখায়। বর্তমান বিশ্বের বাস্তবতায় শুধুমাত্র ডিগ্রি দিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। বরং প্রয়োজন এমন কিছু দক্ষতা, যা আমাদের অন্যদের থেকে আলাদা করে এবং আমাদেরকে একটি শক্ত অবস্থানে নিয়ে যায়। তাই প্রতিটি শিক্ষার্থীর উচিত নিজের আগ্রহ ও সম্ভাবনা অনুযায়ী বিভিন্ন স্কিল অর্জনের চেষ্টা করা। কারণ ভবিষ্যৎ তাদেরই, যারা শুধু স্বপ্ন দেখে না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করে।

লেখক: যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!