তারুণ্যের ভাবনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

১৮৮৬ সালের শিকাগোর সেই রক্তঝরা সংগ্রাম থেকে আজকের প্রযুক্তিনির্ভর বিশ্ব—শ্রমের ধরণ বদলেছে, কিন্তু শ্রমিকের অধিকারের লড়াই আজও অব্যাহত। পহেলা মে বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে পালিত হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকদের প্রকৃত অবস্থা এবং তাদের প্রতি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে তরুণ প্রজন্মের মনে রয়েছে নানান প্রশ্ন ও গভীর দায়বদ্ধতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন জন নবীন লেখকের থেকে মে দিবসের ভাবনা তুলে এনেছেন সিফাতুল্লাহ তাসনীম।
ঘামঝরা শ্রম ও অধিকারহীনতার রূঢ় বাস্তবতা
-মুহাম্মাদ রিদুয়ান, আরবি বিভাগ
পহেলা মে এলেই বর্ণাঢ্য র্যালি আর বক্তৃতার হিড়িক পড়ে। কিন্তু শ্রমিকের প্রকৃত অবস্থা প্রশ্নবিদ্ধই থেকে যায়। পোশাক শিল্প, নির্মাণ ও কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও এর কারিগরদের জীবনযাত্রার মান পরিশ্রমের তুলনায় উন্নত হয়নি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে ন্যূনতম মজুরি দিয়ে জীবন ধারণ করা আজ এক অসম্ভব লড়াই। শ্রমিকের কাছে মানসম্মত খাবার আর বাসস্থান এখন বিলাসিতা। রানা প্লাজা বা তাজরীন ফ্যাশনের ট্র্যাজেডিগুলো বারবার আমাদের শিল্প নিরাপত্তার কদর্য রূপ সামনে আনে। তীব্র রোদে যে লবণ চাষি আমাদের জন্য উৎপাদন করেন, তিনি প্রতি কেজিতে পান মাত্র ৪ টাকা, অথচ বাজারে তা বিক্রি হয় ৪০ টাকায়। এই বৈষম্য কেবল সংখ্যার নয়, এটি শ্রমিকের প্রতি আমাদের চরম অবহেলার প্রতিচ্ছবি। মে দিবস যেন কেবল ক্যালেন্ডারের লাল তারিখ হয়ে না থাকে; বরং এটি হোক শ্রমিকের ন্যায্য পাওনা ও সম্মানজনক জীবন ফিরিয়ে দেওয়ার প্রকৃত অঙ্গীকার।
শ্রমের মর্যাদা ও তারুণ্যের দায়বদ্ধতা
-মিম বিনতে ইব্রাহিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
মে দিবসের নাম শুনলেই তারুণ্যের চোখে ভেসে ওঠে অধিকার আদায়ের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। একইসাথে জেগে ওঠে শ্রমের মর্যাদা রক্ষার এক গভীর দায়িত্ববোধ। পোশাক তৈরি থেকে দালান নির্মাণ—প্রতিটি কাজ শ্রমিকের হাতে সম্পন্ন হলেও দিনশেষে তারা ন্যায্য অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত। সভ্যতার অগ্রগতিতে তাদের অবদান অপরিসীম হলেও যথাযথ স্বীকৃতি আজও অনুপস্থিত। এই বাস্তবতাই সচেতন তরুণ প্রজন্মকে নতুন করে ভাবতে শেখাচ্ছে। তারা উপলব্ধি করছে, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমের প্রকৃত মূল্য নিশ্চিত করা অপরিহার্য। সেই চেতনা থেকেই কাঁধে জন্ম নিচ্ছে দায়িত্বের এক নীরব ভার। তরুণরা স্বপ্ন দেখে এমন এক সমাজের, যেখানে প্রতিটি শ্রমিক সম্মানের সাথে বাঁচবে। বিদ্রোহী কবি নজরুলের ভাষায়— “একের অসম্মান, নিখিল মানব-জাতির লজ্জা—সকলের অপমান।” এই সাম্যের চেতনা নিয়েই তরুণ প্রজন্ম সমতা ও মানবিক মর্যাদার এক সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে চায়।
প্রাপ্য সম্মান: কথার ঝুড়ি বনাম বাস্তবতা
-মরিয়ম খাতুন, আরবি বিভাগ
শ্রমিক দিবসে দেশ যখন বক্তৃতায় সরগরম, তখন ‘প্রাপ্য সম্মান’ শব্দটি প্রায়ই নিখোঁজ থাকে। এ দেশে শ্রমের সাথে সম্মান বিসর্জন দিয়েই মাস শেষে যৎসামান্য টাকা মেলে। গ্রামীণ সমাজে সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খেটেও শ্রমিকরা অনেক সময় কর্তার তুচ্ছ-তাচ্ছিল্য আর অস্পৃশ্যতার শিকার হন। আবার অনিশ্চিত ভবিষ্যতে শহরে পাড়ি দেওয়া গার্মেন্টস কর্মীরা যখন বেতন না পেয়ে আন্দোলন করে, তখন তাদের কপালে জোটে লাঠিচার্জ কিংবা বুলেট। শহুরে বাবুরা গার্মেন্টস কর্মী দেখলে সরে দাঁড়ান, ভুলে যান যে পুরো অর্থনীতি এই মানুষগুলোর ঘাড়েই টিকে আছে। বাজার বা পাবলিক ট্রান্সপোর্টে শ্রমিকদের প্রতিনিয়ত নিন্দনীয় মন্তব্য শুনতে হয়। অথচ একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে ন্যায্য বেতনের সাথে আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার রাখে। এই অসুস্থ সামাজিক চিন্তা বদলাতে গোটা প্রজন্মকে জাগতে হবে। প্রতিটি পেশার মানুষের অধিকার ও সম্মানের প্রতি আমাদের সচেতন হতে হবে।
শ্রমের সামাজিক স্বীকৃতি চাই
– শাদমান আকিব, যোগাযোগ বৈকল্য বিভাগ
‘মে দিবস’ কেবল ক্যালেন্ডারের পাতায় একটি লাল তারিখ নয়; এটি অধিকার আদায়ের এক অবিনশ্বর স্মারক। আমাদের সমাজে কায়িক শ্রমকে এখনো নীচু চোখে দেখা হয়। ‘কোনো কাজই ছোট নয়’—কথাটি প্রচলিত থাকলেও বাস্তবে পেশার ভিত্তিতেই মানুষকে মূল্যায়ন করা হয়। রিকশাচালক থেকে শুরু করে পরিচ্ছন্নতাকর্মী—প্রত্যেকের শ্রমের যথাযথ সামাজিক মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। শ্রমিকের পারিশ্রমিক নিয়ে তরুণদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে একটি সম্মানজনক ‘লিভিং ওয়েজ’ বা জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা জরুরি। শ্রমের বিনিময়ে ন্যায্য পাওনা না দেওয়া আধুনিক যুগের এক প্রকার নামহীন দাসত্ব। তরুণ প্রজন্ম বিশ্বাস করে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে তার পারিশ্রমিক পরিশোধ করা উচিত। বৈষম্য আর অবহেলা নয়, বরং শ্রমিকের সঠিক মূল্যায়ন আর তাদের প্রতি মানবিক আচরণই হোক এ সময়ের প্রকৃত দাবি।
মালিক-শ্রমিক সম্পর্ক: ইসলামের ইনসাফভিত্তিক রূপরেখা
– মোহাম্মদ ইমরান খান, তথ্য ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
ইসলামের দৃষ্টিতে মালিক ও শ্রমিকের সম্পর্ক হওয়া উচিত সহোদর ভাইয়ের মতো। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তারা তোমাদের ভাই। তোমরা যা খাও, তাদেরও তা থেকে খেতে দাও এবং যা পরিধান করো, তা থেকে তাদেরও দাও।” উৎপাদন ব্যবস্থায় মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। মালিক শ্রমিকের সাধ্যের বাইরে কাজের বোঝা চাপাতে পারবে না এবং অযৌক্তিকভাবে বেতন কমানো বা চাকরিচ্যুত করাও অনুচিত। পবিত্র কোরআনে দক্ষ ও বিশ্বস্ত শ্রমিককে উত্তম বলা হয়েছে। কিয়ামতের দিন সেই মালিকের বিরুদ্ধে আল্লাহর অভিযোগ থাকবে, যে মালিক তার শ্রমিককে দিয়ে পূর্ণ কাজ আদায় করেও মজুরি দেয়নি। বর্তমান বিশ্বের কর্মঘণ্টা ও আয়বৈষম্য দূর করার কার্যকর উপায়, ইসলামের এই ন্যায়ভিত্তিক নীতিমালা। ইনসাফপূর্ণ সমন্বয়ই পারে একটি সুস্থ ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে।

