সিদ্ধান্তের টেবিলে মায়ের সমান মর্যাদা চাই

শিরোনাম: সিদ্ধান্তের টেবিলে মায়ের সমান মর্যাদা চাই
মা মানবসভ্যতার ভিত্তি। মহান মুক্তিযুদ্ধে মায়েরা তাঁদের সন্তানদের পাঠিয়েছেন রণাঙ্গনে আজকের পোশাকশিল্পেও তাঁরাই দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ বাস্তবতা হলো সন্তানের বিবাহ, সম্পদ বণ্টন কিংবা পারিবারিক আর্থিক পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মায়ের মতামত প্রায়ই উপেক্ষিত হয়। শুধু পরিবারেই নয় গ্রামীণ সালিশ থেকে স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও তাঁর কণ্ঠস্বর প্রান্তিক।
ইসলামে মায়ের মর্যাদা সর্বোচ্চ। এক ব্যক্তি রাসুল (সা.) কে জিজ্ঞেস করেছিলেন সর্বাধিক সদাচরণ পাওয়ার অধিকারী কে ?তিনি তিনবার বলেছিলেন তোমার মা তারপর বলেছিলেন তোমার বাবা (সহিহ বুখারি ও মুসলিম)। বাংলাদেশ সংবিধানের ২৮ অনুচ্ছেদেও লিঙ্গভেদে বৈষম্য নিষিদ্ধ করেছে তবু পারিবারিক ও সামাজিক সিদ্ধান্তে মায়ের সমান অধিকার বাস্তবে এখনো প্রতিষ্ঠিত নয়। এই বৈষম্য দূর করতে পরিবারে সচেতনতা গড়ে তুলতে হবে বিদ্যালয়ের পাঠ্যক্রমে পারিবারিক অধিকার ও সমতার শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে এবং ইউনিয়ন পরিষদ ও সামাজিক সালিশে মায়েদের অংশগ্রহণ নীতিমালার মাধ্যমে নিশ্চিত করতে হবে। সিদ্ধান্তের টেবিলে মায়ের আসন নিশ্চিত করা করুণা নয় এটি তাঁর ন্যায্য অধিকার।
নাম: মোঃ মাজহারুল ইসলাম
শিক্ষার্থী: আরবি ভাষা ও সাহিত্য বিভাগ
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

