বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

দেশকে ভালো রাখার দায়িত্ব

Author

মোঃ হুমায়ন কবির , ঢাকা কলেজ

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ পাঠ: ৩০ বার

• হুমায়ন কবির

প্রতি বছর ১৬ ডিসেম্বর তথা বাংলাদেশের বিজয় দিবস আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। আমরা জানি, এই মহান বিজয় দিবস এক দিনে অর্জিত হয়নি। অনেক ত্যাগ স্বীকার করে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই মহান বিজয় দিবস। এই ৯ মাসে অনেক মা সন্তানহারা হয়েছে; বোন ভাইহারা হয়েছে। এমনকি এই যুদ্ধে প্রাণ হারিয়েছে অনেক নির্দোষ শিশুও। এই দিনে কি শুধু আনন্দ মিছিল করলেই তাদের রক্তের প্রতি পরিপূর্ণ সম্মান করা হবে?

১৯৭১ সালে হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষ সাম্প্রদায়িকতা ভুলে একই সঙ্গে লড়াই করে শত্রুপক্ষকে পরাজয়ের মাধ্যমে অর্জন করে আমাদের এই মহান স্বাধীনতা। ১৯৭১ সালের বিজয় দিবসের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছিল এ দেশের মানুষের একতা, দেশ ও ভাষার প্রতি আমাদের ভালোবাসা। লাখ লাখ মানুষ নিজের প্রাণের মায়া না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেশের স্বাধীনতার লক্ষ্যে। তা যদি প্রাণের বিনিময়ে আমাদের বিজয় এনে দিতে পারে, তাহলে আমরাও তো পারি তাদের বিজয়ের পরিপূর্ণ সম্মান দিতে। তার জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি আর কোমল মানসিকতা।

বাংলায় একটি কথা আছে— ‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।’ আমরা কি সত্যিই রক্ষা করতে পারছি তাদের অর্জিত এই স্বাধীনতা? আমরা কি পারি না সাম্প্রদায়িকতা ভুলে সবাই একসঙ্গে এ দেশকে ভালোবাসতে? এটা আমাদের সবার দেশ। এই দেশের প্রতি সবারই কিছু দায়িত্ব আছে। আমরা দেখেছি, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা দেশের প্রয়োজনে কীভাবে আন্দোলন গড়ে তোলে। এ আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। আহত ও পঙ্গু হয়েছে আরও বেশি। এসব মানুষের আত্মত্যাগ তখনই সফল হবে, যখন আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। এ লক্ষ্যে আমাদের অনেক চ্যালেঞ্জ। আমরা কি পারি না দেশকে দুর্নীতিমুক্ত করতে? দুর্নীতিমুক্ত করতে হবে বলে এই নয় যে, বিভিন্ন রাস্তা বন্ধ করে আন্দোলনের নামে অবরোধ তুলে ধরা। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে ঠিক থাকি, তাহলেই কী আমাদের দেশে দুর্নীতি কমবে না? আমরা কি পারি না মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে? তার জন্য প্রয়োজন শুধু সঠিক মানসিকতা। এত প্রাণের বিনিময়ে যে দেশকে বাঁচাতে পারলে আমরা তো পারি ইতিবাচক মানসিকতার মাধ্যমে দেশকে সাজাতে।

আজকে যারা দুর্নীতি, চোরাচালান, মাদক কারবার, ছিনতাই ইত্যাদি অপরাধের সঙ্গে জড়িত, তারা এগুলো করে কি ভালো আছে? অতীতে যারা অপরাধ করেছে, রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করেছে, এখন তাদের শেখানো হচ্ছে। তাদের অনেকেই এখন দেশছাড়া। তারা কিন্তু এই ক্ষুদ্রতম কর্মটাকেই ভালো থাকতে পারে না। আমরা যা কিছু করি শুধু ভালো থাকার জন্য, কিন্তু অন্যের জন্য ক্ষতিকর কিছু করা যাবে না। অন্যকে ক্ষতিগ্রস্ত করে না পারছি নিজে ভালো থাকতে, না দিচ্ছি অন্যকে ভালো থাকতে। শুধু নষ্ট হচ্ছে দেশের পরিবেশ, নষ্ট হচ্ছে সম্প্রীতি। এই কঠিন দায়িত্ব আমাদের পালন করতেই হবে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের পরিপূর্ণ মর্যাদা দিতে পারব সেদিন, যেদিন দেশ সব অরাজকতা দূর করে শান্তি ফিরিয়ে আনতে পারব। আসুন, আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি— ‘নিজে ভালো থাকব, অন্যকে ভালো রাখব’। এখানেই আছে লাখো শহীদের সার্থকতা।

 

লেখক: প্রচার সম্পাদক, ঢাকা কলেজ।
এই লেখাটি ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।