উত্তরবঙ্গে ঈদ যাত্রা নাকি যুদ্ধ!
সড়কপথে যাতায়াতকারীদের প্রধান সমস্যা হলো যানজট ও অতিরিক্ত ভাড়া। ঈদের সময় চাহিদা বেড়ে যাওয়ায় অনেক বাসই বেশি ভাড়া দাবি করে। আবার রাস্তায় থাকে তীব্র যানজট। বিশেষ করে সিরাজগঞ্জ পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। স্বাভাবিক সময়ে নাটোর বা রাজশাহীতে যেতে যেখানে সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা লাগে, ঈদের সময় সেই যাত্রা দশ থেকে বারো ঘণ্টা পর্যন্ত লেগে যায়। অনেক সময় গাড়ি ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। বাসের মধ্যে থাকতে থাকতে যাত্রীদের নাভিশ্বাস ওঠে।
এই দুর্ভোগ এড়াতে অনেকে ট্রেনে ভ্রমণ করতে চান। প্রতি বছর ঈদ উপলক্ষ্যে রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি করে থাকে। কিন্তু সেই টিকিট পাওয়াটাই যেন একধরনের যুদ্ধ জয়! সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও দেখা যায় ৮টা ২ মিনিট বা ৮টা ৫ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। কীভাবে এত দ্রুত টিকিট শেষ হয়ে যায়, তা অনেক সময় গবেষণার বিষয় হয়ে দাঁড়ায়। অনেক চক্রে এ সময় টিকিট কালোবাজারির মাধ্যমে বেশি দামে বিক্রি করে। এই চক্র অনেক সময় একই টিকিট একাধিক মানুষের কাছে বিক্রি করে প্রতারণা করে। এইসব চক্রকে আইনের আওতায় আনা উচিত।
