শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সাইয়্যিদুল ইস্তিগফার: ক্ষমা চাওয়ার সরদার

Author

আমিমুল এহসান নাজিফ , ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ পাঠ: ২৬ বার

সাইয়্যিদুল ইস্তিগফার: ক্ষমা চাওয়ার সরদার
মানুষ সৃষ্টিগতভাবেই ভুলপ্রবণ। জীবনের পথচলায় মানুষ কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায় পাপ ও ভুল করে বসে। কারও পাপ কম, কারও বেশি। কারও পাপ ছোট, কারও পাপ বড়। তবে মানুষ মাত্রই কমবেশি ভুল ও গুনাহের সঙ্গে জড়িয়ে পড়ে। আর একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, সে পাপে অবিচল থাকে না। বরং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর কাছে বান্দার তওবা অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “সেই মহান সত্তার কসম, যাঁর হাতে আমার জীবন! যদি তোমরা গুনাহ না করতে, তবে আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে দিতেন এবং এমন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন।” (সহিহ মুসলিম) অর্থাৎ, এই হাদিস গুনাহ করাকে উৎসাহিত করে না। বরং মানুষের স্বভাবগত দুর্বলতা এবং তওবার মাধ্যমে আল্লাহর ক্ষমা লাভের দরজা যে সর্বদা উন্মুক্ত, তা স্পষ্ট করে। শুধু তওবা কবুলই নয়, বান্দার তওবায় আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দিত হন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া বাহন ফিরে পেয়ে কোনো ব্যক্তি যতটা আনন্দিত হয়, বান্দার তওবায় আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম) আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য রাসূলুল্লাহ (সা.) উম্মতকে অসংখ্য দোয়া ও ইস্তিগফার শিখিয়েছেন। এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ ইস্তিগফারের শ্রেষ্ঠ দোয়া। হযরত শাদ্দাদ ইবনু আওস (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) বলেছেন, “সাইয়্যিদুল ইস্তিগফার (সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার) হলো বান্দার এই বলা: ‘হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর অবিচল আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার প্রতি আপনার যে নিয়ামত রয়েছে তা আমি স্বীকার করছি এবং আমার অপরাধও আমি স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।’ তিনি বলেন, ‘যে ব্যক্তি দিনের বেলায় দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটি পাঠ করে এবং সন্ধ্যার আগে মারা যায়, সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি রাতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটি পাঠ করে এবং সকাল হওয়ার আগে মারা যায়, সেও জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে।” (সহিহ বুখারি) সাইয়্যিদুল ইস্তিগফারের দিকে একটু গভীরভাবে তাকালে এর অসাধারণ আবেদন ও তাৎপর্য উপলব্ধি করা যায়। দোয়াটির শুরুতেই রয়েছে আল্লাহর রবুবিয়্যাত ও একত্বের স্বীকৃতি। বলা হয়েছে, “হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই।” এরপর রয়েছে নিজের পরিচয় ও অবস্থানের স্বীকৃতি। বলা হয়েছে, “আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা।” অর্থাৎ, আমি আপনার সৃষ্টি, আপনার বান্দা এবং আমার প্রকৃত আশ্রয় একমাত্র আপনিই। এরপর বান্দা আল্লাহর সঙ্গে তার অঙ্গীকারের কথা স্মরণ করে এবং নিজের কৃতকর্মের অনিষ্ট থেকে তাঁর কাছে আশ্রয় চায়। তারপর আল্লাহর নিয়ামতের স্বীকৃতি এবং নিজের অপরাধের স্বীকারোক্তি আসে। সবশেষে আসে ক্ষমার আবেদন। বলা হয়, “আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।” এখানে আল্লাহর ‘গাফুর’ নামের স্বীকৃতি দেওয়া হয়েছে। এ সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে?’ (আলে ইমরান:১৩৫) অন্যত্র আল্লাহ তাআলা বলেন, “কিন্তু সীমালঙ্ঘনের পর কেউ তওবা করলে ও সংশোধন করলে অবশ্যই আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা আল মায়িদাহ, ৫:৩৯) তওবা কেবল মুখে “আস্তাগফিরুল্লাহ” বলা নয়। তওবার সঙ্গে থাকতে হয় অন্তরের অনুশোচনা, পাপ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প এবং সম্ভব হলে সেই পাপ সংশোধনের চেষ্টা। আর কারও হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া বা যথাসম্ভব সংশোধন করাও জরুরি। একজন বান্দা যখন অশ্রুসিক্ত চোখে তার রবের কাছে ফিরে এসে বলে, “হে আল্লাহ, আপনি আমার রব। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আপনি ছাড়া আমার কোনো সত্য উপাস্য নেই। আমি আপনার নিয়ামত স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি। আমাকে ক্ষমা করে দিন”, তখন সে মূলত নিজের অসহায়ত্ব স্বীকার করে মহান রবের অসীম রহমতের আশ্রয় নিচ্ছে। আল্লাহ তাআলা পরম করুণাময়, অসীম দয়ালু এবং ক্ষমাশীল। তাঁর রহমতের দরজা বান্দার জন্য বন্ধ নয়। বরং বান্দা যতক্ষণ আন্তরিকভাবে তাঁর দিকে ফিরে আসে, ততক্ষণ তওবার সুযোগ রয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “গুনাহ থেকে তওবাকারী এমন, যেন সে কোনো গুনাহই করেনি।” (সুনান ইবনু মাজাহ)
তবে এই তওবা হতে হবে আন্তরিক। পাপ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার প্রকৃত ইচ্ছা থাকতে হবে। ইস্তিগফার শুধু গুনাহ মোচনের মাধ্যম নয়। এর সঙ্গে মুমিনের দুনিয়া ও আখিরাতের কল্যাণও জড়িত। রিজিক বৃদ্ধি ও বরকত: হযরত নূহ (আ.) তাঁর জাতিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছিলেন। এরপর বৃষ্টি, সম্পদ ও সন্তানসন্ততির প্রাচুর্যের কথা উল্লেখ করেছেন। (সূরা নূহ) বিপদ থেকে মুক্তির আশা: ইস্তিগফার বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয় এবং তাঁর রহমত ও সাহায্য লাভের অন্যতম মাধ্যম হয়। দোয়া কবুলের সহায়ক মাধ্যম: গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম করে। অন্তরের প্রশান্তি: নিয়মিত ইস্তিগফার মানুষকে নিজের সীমাবদ্ধতা ও আল্লাহর অসীম ক্ষমার কথা স্মরণ করিয়ে দেয়। ফলে অন্তরে বিনয়, আশা এবং আল্লাহর ওপর নির্ভরতা সৃষ্টি হয়। আর সেই ইস্তিগফার যদি হয় ইস্তিগফারের শ্রেষ্ঠ দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার, তাহলে এর মর্যাদা আরও বিশেষ। সাইয়্যিদুল ইস্তিগফার মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। এতে রয়েছে তাওহীদের স্বীকৃতি, আল্লাহর রবুবিয়্যাতের স্বীকৃতি, নিজের বান্দত্বের ঘোষণা, আল্লাহর নিয়ামতের স্বীকৃতি, নিজের অপরাধের স্বীকারোক্তি এবং ক্ষমার আকুল আবেদন। তাই আমাদের উচিত দোয়াটি মুখস্থ করা, এবং এর অর্থ বুঝে অন্তর দিয়ে অনুভব করে নিয়মিত পাঠ করা। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় এটি পাঠ করার অভ্যাস গড়ে তোলা উচিত। আমরা প্রত্যেকে প্রতিদিন অসংখ্য ভুল করি। অনেক পাপ হয়তো আমাদের মনে থাকে, আবার অনেক পাপ অজান্তেই হয়ে যায়। তাই গুনাহকে ছোট করে না দেখে এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে বারবার তাঁর দিকে ফিরে আসাই মুমিনের পথ। মনে রাখতে হবে, শয়তান মানুষকে প্রথমে পাপের দিকে টানে। এরপর পাপ হয়ে গেলে তাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করতে চায়। অথচ মুমিনের পথ হলো পাপ হলে ফিরে আসা, ভুল হলে সংশোধন করা এবং বারবার নিজের রবের দরজায় কড়া নাড়া। সাইয়্যিদুল ইস্তিগফার সেই ফিরে আসারই এক সুন্দর মাধ্যম। তাই আসুন, আমরা দোয়াটি শিখি, এর অর্থ বুঝি এবং নিয়মিত আমল করি। আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকার করে তাঁর অসীম রহমতের আশ্রয় গ্রহণ করি। মহান আল্লাহ আমাদের আন্তরিক তওবা করার, গুনাহ থেকে ফিরে আসার এবং সাইয়্যিদুল ইস্তিগফারসহ রাসূলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়াগুলোর ওপর আমল করার তাওফিক দান করুন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, অন্তরকে পবিত্র করুন এবং আমাদেরকে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।
লেখক: উপ-দপ্তর সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ইনকিলাব পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।