টেকনাফে অপহরণ চক্রের দৌরাত্ম্য

বাংলাদেশের অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হলো পাহাড় ও সাগরের মিলনে গড়া সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ। সাগরের বুকে দীর্ঘ পাহাড়শ্রেণি টেকনাফকে দিয়েছে অপরূপ সৌন্দর্যের সর্বোচ্চ রূপ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই পাহাড়কেই ঘিরে গড়ে উঠেছে টেকনাফের অন্যতম ভয়ংকর অপহরণ অপরাধ।
টেকনাফে প্রায় প্রতিনিয়তই ঘটছে অপহরণের ঘটনা। এই ভয়াবহ অপরাধ থেকে রেহাই পাচ্ছে না তিন বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। ছোট ছোট তরুণ-তরুণী, এমনকি গর্ভবতী মায়েরাও অপহরণের শিকার হচ্ছেন। কেউ নিজের ক্ষেতখামার থেকে, আবার কাউকে পিস্তলের ভয় দেখিয়ে দোকান থেকে তুলে নেওয়া হচ্ছে।
অপহরণের পর ভুক্তভোগীদের পাহাড়ে নিয়ে গিয়ে দাবি করা হয় বিপুল পরিমাণ মুক্তিপণ। কারো কাছ থেকে ১ লাখ, কারো কাছ থেকে ৫ লাখ, এমনকি ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়। মুক্তিপণ দিতে ব্যর্থ হলে চালানো হয় অমানবিক নির্যাতন। অনেক ক্ষেত্রে মুক্তিপণ না পেলে অপহৃত ব্যক্তিকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে টেকনাফে ১৮৭টি অপহরণের ঘটনা ঘটেছে। এটি শুধু একটি সংখ্যা নয়; এটি টেকনাফের মানুষের ভয়, আতঙ্ক ও দুর্দশার নির্মম প্রতিচ্ছবি। সময়ের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি আরো ভয়ংকর হয়ে উঠছে।
গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এই অপহরণের পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র। এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, এমনকি কিছু রাজনৈতিক ব্যক্তিও। অনেক অপহরণকারী তাদের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে এসব প্রভাবশালী মহলের কাছ থেকে। পাশাপাশি ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক দ্বন্দ্ব কিংবা নারীসংক্রান্ত বিরোধও অনেক সময় অপহরণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই ভয়ংকর অপরাধ নির্মূলে প্রশাসনের সর্বাত্মক ও কঠোর ভূমিকা অত্যন্ত জরুরি। পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার সঙ্গে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও সময়ের দাবি। অপহরণ রোধে পাহাড়ের পাদদেশে অস্থায়ী সেনা ঘাঁটি স্থাপন, ড্রোন নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা প্রয়োজন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারের দৃঢ় সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ। সঠিক উদ্যোগ ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে টেকনাফকে আবার শান্তি ও নিরাপত্তার পথে ফিরিয়ে আনা সম্ভব।

